Blog

কবিতাঃ ঢাকা, জাদুর শহর ঢাকা

May 28, 2025 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

এই তন্দ্রাহীন মহানগরীতে এসে
ভেবেছিলাম চিনে ফেলবো,
জেনে নেবো ঢাকার আকাশ বাতাস।
উপহাস করে কলহাস্যে
হঠাৎ আজকে মনে করিয়ে দিল,
ঢাকায় আমায় চিনে ফেলেছে;
ঢাকাকে চিনতে পারিনি।

প্রথম প্রথম
বড্ড আবেগহীন, মেকি আর কৃত্রিম মনে হওয়া
এই শহরকে কাছ থেকে দেখার সুযোগ হলো
একদিন বৃষ্টিস্নাত পূর্ণিমার রাতে।
রাস্তার জমা পানি, ক্লান্তিকর বিশাল আঁকাবাঁকা জ্যাম
আর অনবরত গাড়ির শব্দে যখন আমার মন উঠছে বিষিয়ে
ঠিক তখনই আকাশে তাকিয়ে দেখি
পুরো আকাশগঙ্গা যেন নেমে এসেছে
ঢাকার বুকে।

পুরান ঢাকার শ্যাওলা ধরা বাড়ির দেয়াল
এক ঝটকায় মনে করিয়ে দিল
আমি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া
এক ঐতিহাসিক সত্যে প্রলুব্ধ শহরের বুকে বিচরণ করছি।

মহানগরী নিয়ে বিস্তর কবিতা, নিবন্ধ, গল্প পড়ার সুযোগ হলেও
বারবার আবিস্কার করি
আমি যে শহর দেখি
তার সঙ্গে কোনো লেখকের কোনো বর্ননা মেলেনা।
এ যেন এক জাদুর শহর,
প্রতিটি স্বপ্নভরা চোখে
এক ভিন্ন ছবি এঁকে দেয়।

যখন আমি ঢাকাকে দেখিনি
তখন এই শহর ছিল আমার কাছে
অজ্ঞাতনামা।
আজকে এসে বহু সকাল-দুপুর-সন্ধ্যা
ঢাকার রাস্তায় কাটিয়ে
ঢাকা আমার কাছে আত্মীয় হয়ে ওঠার পরিবর্তে
সদ্য ভেঙে দেয়া সম্পর্কের মতোই
তিক্ত অথচ মায়ার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে।

হে মহানগরী,
তোমাকে পড়তে চাই দক্ষিণ জানালার সামনে খুলে রাখা বইয়ের মতো।
প্রতি পায়ের ছোট ছোট ধাপে
যে অবিরাম অভিজ্ঞতার ঝড় তুমি আমার সামনে মেলে ধরো
তাতে শিখেছি,
ঈদের ছুটিতে ট্রেনের দেখা ভিড়ে
আমি যে ঢাকাকে বুঝি
সেই ব্যস্ত আর স্বার্থপর মানুষেরা তোমাকে না বুঝলেও
আমি বুঝেছি।
ভালোবাসা মানে আটকে রাখা না,
খাঁচার ছোট্ট পাল্লা খুলে দিয়ে
উড়তে দেয়াই মায়া।

ঢাকা, জাদুর শহর ঢাকা।


ভোর ৩ টা বেজে ০৫ মিনিট, ২০২৫ এর ২৮ মে

ছবিঃ ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠ। এইটা ঠিক ঢাকাকে তো রিপ্রেজেন্ট করেনা তা সত্যি, কিন্তু সেরকম ছবি পাইলাম না আমার তোলা।


Discover More

About


This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.