Blog

অভ্র থেকে প্রভাতে: একটি প্র্যাকটিক্যাল গাইড

May 31, 2026 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

এই গাইডটি অভ্র ইউজারদের কথা মাথায় রেখে লেখা হলেও আশা করি অন্যদের জন্যও হেল্পফুল হবে।

বাংলা টাইপিং শুরু করার পর থেকে যদি অভ্রই আপনার প্রধান কীবোর্ড হয়ে থাকে, তাহলে প্রভাতে আসার অভিজ্ঞতা প্রথমে একটু অদ্ভুত লাগবে। কারণ অভ্রতে আমরা আসলে বাংলা টাইপ করি না বরং ইংরেজি বানান লিখি, আর অভ্র সেই বানান বুঝে বাংলা তৈরি করে দেয়। ফলে বেশিরভাগ অভ্র ব্যবহারকারী কখনোই বাংলা বর্ণগুলোর প্রকৃত অবস্থান শেখে না।

প্রভাতে এসে প্রথম ধাক্কাটা এখানেই। প্রভাত আপনার মনের কথা বুঝবে না, অনুমানও করবে না। এটা অনেকটা টাইপরাইটারের মতোঃ যে কী চাপবেন, ঠিক সেটাই আসবে। তাই অভ্র থেকে প্রভাতে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন নিয়ম শেখা না, বরং পুরনো অভ্যাস ভাঙা।

প্রভাতের পেছনের যুক্তি

Probhat Keyboard Layout

প্রথম দেখায় প্রভাত লেআউটটা বিশৃঙ্খল মনে হতে পারে। কিন্তু এর পেছনে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা আছে। যেমন কোথাও ধ্বনিগত মিল রাখা হয়েছে, কোথাও বর্ণমালার কাঠামোগত পার্থক্যের কারণে পরিবর্তন আনা হয়েছে, আর কোথাও স্রেফ কীবোর্ডে জায়গা না থাকায় আপস করতে হয়েছে।

অনেক বর্ণই ইংরেজি উচ্চারণের সঙ্গে মিল রেখে বসানো হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে Shift চাপলে মহাপ্রাণ সংস্করণ পাওয়া যায়:

কীসাধারণShift
kকখ
gগঘ
cচছ
jজঝ
pপফ
bবভ
rরড়
nনণ
mমঙ
lলং
sসষ
hহঃ

এই অংশটা অভ্র ব্যবহারকারীদের কাছে খুব একটা অচেনা লাগবে না।

যেখানে অভ্র ব্যবহারকারীরা বেশি ভুল করে

সমস্যা শুরু হয় যখন অভ্রর muscle memory কাজ করতে যায়। অভ্র ব্যবহারকারীদের কাছে t মানেই ত আর T মানেই ট। কিন্তু প্রভাতে সেই পরিচিত নিয়মটা উল্টে গেছে।

এখানে আসে প্রভাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা space management। বাংলা বর্ণমালা ইংরেজির চেয়ে অনেক বড়, তাই সব বর্ণকে ধ্বনিগত মিল রেখে বসানো সম্ভব না। কিছু বর্ণকে সরিয়ে দেওয়া হয়েছে এমন কীতে যেগুলোর সঙ্গে কোনো সম্পর্কই নেই।

এই টেবিলটাই আসলে মুখস্থ করতে হবে। এটা মাথায় রাখতে পারলে প্রভাত শেখার অর্ধেক কাজ শেষ।

কীসাধারণShift
tটঠ
dডঢ
fতথ
qদধ
xশঢ়
zয়য

এগুলোর মধ্যে কোনো লুকানো লজিক খুঁজতে যাবেন না, এগুলো কীবোর্ডে জায়গা বাঁচানোর সমাধান মাত্র। (যদিও বাংলা ভাষায় বহুল ব্যবহৃত অক্ষরগুলো হাতের নাগালে রাখার একটা যুক্তি আছে। )

স্বরবর্ণ ও কার

অভ্রতে ব্যঞ্জনের পরে স্বর লিখলে সফটওয়্যার নিজে থেকেই কারে রূপান্তরিত করে। প্রভাতে এমন কোনো ম্যাজিক নেই। ব্যঞ্জন আর কার আলাদা জিনিস, সচেতনভাবে কার বসাতে হবে।

কীসাধারণShift
aাঅ
iিই
eীঈ
uুউ
wূঊ
[েৈ
]োৌ
vআঋ
yএঐ
oওঔ

নতুনদের সবচেয়ে বেশি কনফিউজ করে v = আ আর y = এ।

যুক্তাক্ষর লেখার নিয়ম

অভ্রতে পরপর দুইটা ব্যঞ্জন লিখলে সফটওয়্যার নিজে যুক্তাক্ষর তৈরি করে। প্রভাতে সেটা আপনাকেই করতে হবে হসন্ত (‌্) ব্যবহার করে, যেটা আছে / কীতে।

উদাহরণ:

  • ক্ত লিখতে → k + / + f
  • ল্প লিখতে → l + / + p

শুরুতে একটু যান্ত্রিক মনে হবে, কিন্তু কয়েকদিন পরে হাত নিজেই এটা করতে শুরু করে।

আরও কয়েকটি দরকারি কী

কীআউটপুট
/্ (হসন্ত)
Shift + ,ঁ
Shift + .।
Shift + <ৃ রেফ
Shift + 4৳

সারসংক্ষেপ

সহজ কথায় বললে অভ্র হলো ভাষা, আর প্রভাত হলো একটা ম্যাপ।

অভ্রতে টাইপ করার সময় আমরা শব্দটা নিয়ে ভাবি, আর প্রভাতে ভাবতে হয় কোন ‘কী’ (key)-টা কোথায় আছে। তাই প্রভাত আয়ত্ত করার সবচেয়ে সহজ ট্রিক হলো, অভ্রের সাথে এর যে পার্থক্যগুলো আছে শুধু সেগুলোতে ফোকাস করা। বিশেষ করে t, d, f, q, x, z, v এই কয়েকটা নিয়ে কিছুদিন একটু আলাদাভাবে প্র্যাকটিস করে নিন। দেখবেন, বাকিগুলো খুব দ্রুতই হাতে সেট হয়ে গেছে।

প্রভাত শেখার মূল ব্যাপারটা নতুন কোনো নিয়ম মুখস্থ করা নয়, বরং আঙুলের নতুন মাসল মেমোরি (muscle memory) তৈরি করা।

কিছু প্রয়োজনীয় লিংক


Discover More

About


This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.